
ময়মনসিংহের ফুলপুর উপজেলার রহিমগঞ্জ ইউনিয়নের রাংশা নদী থেকে শফিক মিয়া (৪৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি উপজেলার চক ঢাকিরকান্দা গ্রামের বাসিন্দা।
আজ শুক্রবার (২৪ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয়রা জানান, শফিক মিয়া বাদাম বিক্রি করতে যাওয়ার পথে নদীর ধারে বসে ছিলেন। পরে তাকে নদীতে পড়ে থাকতে দেখা যায়।
স্থানীয়দের ধারণা, হৃদরোগে আক্রান্ত হয়ে নদীতে পড়ে তার মৃত্যু হতে পারে। তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
খবর পেয়ে ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফিরোজ হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন। প্রাথমিকভাবে এটি স্বাভাবিক মৃত্যু বলে ধারণা করা হলেও ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে বলে জানিয়েছেন ওসি।