
ময়মনসিংহের ফুলপুর থানার এএসআই মোঃ তানিমুল ইসলামের নেতৃত্বে গত এক বছরে প্রায় ১২৯টি চুরি ও হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া মোবাইল ফোনগুলোর মধ্যে চুরি যাওয়া ও বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া ফোন রয়েছে।
জানা গেছে, মোবাইল ফোন হারানো বা চুরি যাওয়ার পর ভুক্তভোগীরা থানায় সাধারণ ডায়েরি (জিডি) ও প্রয়োজনীয় তথ্য প্রদান করলে পুলিশ প্রযুক্তিগত সহায়তায় মোবাইল উদ্ধারের চেষ্টা করে। এএসআই মোঃ তানিমুল ইসলামের নেতৃত্বে পরিচালিত এসব কার্যক্রমের মাধ্যমে গত এক বছরে প্রায় ১২৯টি মোবাইল ফোন উদ্ধার করা সম্ভব হয়েছে।
পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, কারও মোবাইল ফোন চুরি বা হারিয়ে গেলে দেরি না করে মোবাইলের বক্স, আইএমইআই নম্বর ও প্রয়োজনীয় কাগজপত্রসহ থানায় যোগাযোগ করতে হবে। যথাযথ তথ্য ও আইনি প্রক্রিয়া অনুসরণ করলে হারানো বা চুরি যাওয়া মোবাইল উদ্ধারে পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারে। উদ্ধার হওয়া মোবাইলগুলো আইনগত প্রক্রিয়া শেষে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হচ্ছে।
এদিকে, দীর্ঘদিন পর নিজেদের শখের মোবাইল ফোন ফিরে পেয়ে অনেক ভুক্তভোগী আনন্দিত হয়েছেন। মোবাইল উদ্ধারে এএসআই মোঃ তানিমুল ইসলামের আন্তরিকতা, দূরদর্শিতা ও দক্ষতার প্রশংসা করছেন স্থানীয়রা। তাঁর নেতৃত্বে একের পর এক হারানো ও চুরি যাওয়া মোবাইল উদ্ধার হওয়ায় ফুলপুরে বিষয়টি ইতোমধ্যে প্রশংসা কুড়িয়েছে।