
ময়মনসিংহের ফুলপুর উপজেলার আমুয়াকান্দা বাজার এলাকায় নিজ বাসা থেকে উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক বিজয় পাল (২৭)-এর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৪ জুলাই) পরিবারের সদস্যরা তাকে বাসার একটি কক্ষে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে ফুলপুর থানা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শুরু করে।
নিহত বিজয় পাল বিবাহিত ছিলেন। তার বাবার নাম সুধাংশু পাল।
পারিবারিক সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরে স্ত্রীর সঙ্গে তার পারিবারিক কলহ চলছিল। এছাড়া মৃত্যুর কয়েক ঘণ্টা আগে তার ফেসবুক অ্যাকাউন্টে বিষণ্নতাপূর্ণ (ডিপ্রেশন-সংক্রান্ত) কয়েকটি পোস্টও দেখা যায়। তবে এসব ঘটনার সঙ্গে মৃত্যুর কোনো সম্পর্ক রয়েছে কি না, তা এখনই নিশ্চিত হওয়া যায়নি।
ফুলপুর থানা পুলিশ জানিয়েছে, ঘটনাটির প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।