
ময়মনসিংহের ফুলপুর পৌরসভার আগামী নির্বাচনে মেয়র পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ রকিবুল হাসান (সোহেল)। মরহুম একেএম আবুল কাশেম সরকার চেয়ারম্যানের ছেলে এবং সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল মতিন মতির ছোট ভাই হওয়ায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনেও তাঁর প্রার্থিতা নিয়ে আলোচনা শুরু হয়েছে।
পৌরবাসীর নাগরিক সেবা ও এলাকার সার্বিক উন্নয়নকে অগ্রাধিকার দেওয়ার কথা জানিয়েছেন সোহেল। বিশেষ করে দীর্ঘদিন ধরে উন্নয়ন থেকে পিছিয়ে থাকা এলাকাগুলোর উন্নয়ন, জলাবদ্ধতা নিরসন, কার্যকর ড্রেনেজ ব্যবস্থা, রাস্তাঘাটের উন্নয়ন এবং শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়নে গুরুত্ব দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।
সোহেল বলেন, পৌরসভার প্রতিটি ওয়ার্ডের মানুষের সমস্যা ও প্রয়োজনকে গুরুত্ব দিয়ে উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করতে চান। নাগরিকদের মতামতকে প্রাধান্য দিয়ে একটি আধুনিক, পরিচ্ছন্ন, জলাবদ্ধতামুক্ত ও জনবান্ধব পৌরসভা গড়ে তোলাই তাঁর লক্ষ্য।
তিনি আরও বলেন, মেয়র নির্বাচিত হলে দল-মত নির্বিশেষে সব পৌরবাসীর পাশে থেকে সততা ও নিষ্ঠার সঙ্গে নাগরিক সেবা নিশ্চিত করতে কাজ করবেন। পিছিয়ে থাকা এলাকাগুলোকে উন্নয়নের মূলধারায় নিয়ে আসা এবং সাধারণ মানুষের ভোগান্তি কমানো হবে তাঁর অন্যতম অগ্রাধিকার।
মেয়র পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা ব্যক্ত করে তিনি পৌরবাসীর দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করেছেন।