
ময়মনসিংহের ফুলপুরে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে গ্রাম প্রতিরক্ষা দল (ভিডিপি)। বৃহস্পতিবার (১ অক্টোবর) ফুলপুর পৌরসভার চরপাড়া-সঞ্চুর সড়কের পাশে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
ফুলপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের ভিডিপি দলনেতা মোঃ মশিউর রহমানের নিজস্ব অর্থায়নে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে ভিডিপির প্লাটুন সদস্য ও সদস্যারা অংশ নেন।
কর্মসূচিতে বনজ গাছের প্রায় ৪০টি চারা ও তালের ৮০টি আঁটি রোপণ করা হয়। পরে পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব নিয়ে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়।
এ সময় দলনেতা মোঃ মশিউর রহমান ভিডিপি সদস্যদের নিজ নিজ বাড়ির আঙিনা ও আশপাশে গাছ লাগানোর আহ্বান জানান। পাশাপাশি পরিবেশ সুরক্ষায় তৃণমূলের সাধারণ মানুষকে এগিয়ে আসার অনুরোধ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা ওমর ফারুক, উপজেলা প্রশিক্ষক আসাদুল্লাহ হিল গালিবসহ ভিডিপির প্লাটুন সদস্য ও সদস্যারা।